হবিগঞ্জের বুল্লা বাজারে ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ ও ব্যবসায়ী
খোঁজ নিয়ে জানা গেছে, ঐতিহ্যবাহী এই জনবহুল বাজারটিতে ময়লা ফেলার নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন বা স্থায়ী ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ফলে বাজারের ব্যবসায়ীরা বাধ্য হয়ে বিভিন্ন উন্মুক্ত স্থান, রাস্তা ও জলাশয়ের আশপাশে বর্জ্য ফেলছেন। দিনের পর দিন এসব পচনশীল বর্জ্য জমে থাকায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে বাজারে আসা ক্রেতাদের চলাচলের সময় নাক চেপে যাতায়াত করতে হয়।
স্থানীয়দের আশঙ্কা, ময়লার স্তূপ থেকে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে বর্ষার পানিতে বর্জ্য মিশে জলাশয় ও সুপেয় পানির উৎসগুলো মারাত্মকভাবে দূষণের আশঙ্কা তৈরি হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও। ক্রেতাদের অনেকেই দুর্গন্ধের কারণে বেশিক্ষণ বাজারে টিকতে পারছেন না।
পরিবেশবাদী ও সচেতন মহলের মতে, দ্রুত এই সমস্যার সমাধান না করা গেলে এলাকার জনস্বাস্থ্য বিপন্ন হয়ে পড়তে পারে এবং পানিবাহিত নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
অবিলম্বে বুল্লা বাজারের জমে থাকা ময়লার স্তূপ অপসারণ এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি স্থায়ী ও আধুনিক ডাম্পিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসী।

Post a Comment