কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন
সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বছরব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কটিয়াদী নজরুল একাডেমির সহ-সভাপতি সাজেদুল ইসলাম সেলিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন অমর কবিই নন, তিনি অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চিরন্তন প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত আজও তরুণ প্রজন্মকে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে অনুপ্রাণিত করে।
আয়োজকরা জানান, ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে বছরব্যাপী উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে নজরুলসংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সেমিনার, বইমেলাসহ নানা শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা হবে।

Post a Comment