নবাবগঞ্জে প্রগতিসংঘের গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নবাবগঞ্জের মুন্সীনগর আকারবাগ মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে রোমান স্পোর্টিং ক্লাব, শংকরখালীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রেন্ডস ক্লাব, মদনখালী।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের স্বাস্থ্যকর জীবনধারা ও শৃঙ্খলা শেখায়। এ ধরনের আয়োজন গ্রামীণ জনপদে উৎসবের আমেজ তৈরির পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।”
উদ্বোধকের বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “নবাবগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও বেগবান ও সমৃদ্ধ করতে আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব। তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে গ্রামীণ মাঠগুলোর উন্নয়ন করা হবে।”
ফাইনালে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল। পুরো ম্যাচজুড়ে উভয় দলই আক্রমণাত্মক ও উপভোগ্য ফুটবল উপহার দেয়।
অনুষ্ঠানে দোহার-নবাবগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. আমজাদ হোসেন, চুড়াইন মুন্সীনগর প্রগতিসংঘের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী এ ফুটবল ফাইনালকে ঘিরে পুরো মুন্সীনগর আকারবাগ মাঠ ক্রীড়ামোদী দর্শকদের মিলনমেলায় পরিণত হয়।

Post a Comment