মতলবে সরকারি গাছ কাটার অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস
অভিযোগ রয়েছে, বুধবার (২৬ আগস্ট) সকালে স্থানীয় হান্নান সরকার, মজনু গাজী ও সাইফুর রহমান বাবলুর লোকজন এসব গাছ কাটা শুরু করেন। পরে দুপুরে কাটা গাছের একটি অংশ গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয়রা জানান।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে কর্তন করা গাছগুলোর গোড়া ও ডালপালা পড়ে রয়েছে। স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকাশ্যে সামাজিক বনায়নের গাছ কেটে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় কয়েকটি গাছের গুঁড়ি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে এলাকাবাসীর প্রশ্নের জবাবে সাইফুর রহমান বাবলু বলেন, “আমার ক্রয়কৃত গাছ আমি কেটে নিয়ে যাচ্ছি, আবার কারে কী বলবো?”
তবে সরকারি গাছ কাটার অভিযোগ অস্বীকার করে সাইফুর রহমান বাবলু বলেন, বন বিভাগের কাছ থেকে বনায়নের জন্য গাছ নেওয়া উত্তর দিঘলদী গ্রামের আব্দুল হান্নান তার কাছে গাছগুলো বিক্রি করেছেন। তিনি গাছগুলো ক্রয় করার পর কাটতে গেলে এলাকাবাসীর বাধার মুখে পড়েন। এ কারণে কয়েকটি গাছের গুঁড়ি ফেলে আসা হয়েছে এবং বাকি গাছগুলো কাটা হয়নি বলে দাবি করেন তিনি।
উপজেলা বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, গাছ কাটার বিষয়ে তার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম বলেন, কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। হান্নানকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বশরীরে অফিসে উপস্থিত হতে বলা হয়েছে। বিষয়টি বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment