প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে উৎসবের আমেজ, কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে পাকুন্দিয়া উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন। এরপর কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য নির্বাচিত উদ্যোক্তাদের পুরস্কৃত করার কথা রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা ও কটিয়াদীতে বিভিন্ন সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে রং করা হয়েছে। পাশাপাশি সফরের কর্মসূচিস্থলগুলোতেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁকে স্বাগত জানাতে জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের কর্মসূচি নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপক জনপ্রিয়তার কারণে তাঁকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হবেন। বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান শেলী বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পুরো টিম কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে।

Post a Comment