ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

লাখাইয়ে মৌড়বাড়ির বেহাল রাস্তা, তিন গ্রামের মানুষের চরম দুর্ভোগ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

বিএম তারেক, লাখাই থেকে ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌড়বাড়ি গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দ ও কাদায় সড়কটির অবস্থা এতটাই নাজুক যে, সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে মৌড়বাড়ি, মশাদিয়া ও তেঘরিয়া গ্রামের কয়েকশ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায়। কোথাও হাঁটুসমান, আবার কোথাও গোড়ালিসমান কাদা-পানি জমে থাকায় পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী ও জরুরি প্রয়োজনে চলাচলকারীদের। স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থার কারণে অ্যাম্বুলেন্সসহ ছোট যানবাহনও অনেক সময় গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না। এতে গর্ভবতী নারী কিংবা গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার বা পাকাকরণের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে চলাচলকারী তিন গ্রামের মানুষকে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আকিকুল ইসলাম শুভ বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করা আমাদের জন্য এক ধরনের আতঙ্কে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

তিনি দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানান। এ নিয়ে স্থানীয় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন।

৩নং মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান সারোয়ার জনি বলেন, “রাস্তাটি এলাকাবাসীর যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বেহাল দশার বিষয়টি আমাদের জানা রয়েছে। দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে সড়কটির টেকসই সংস্কার কাজ শুরু করা হোক।

একটি মন্তব্য করুন