গর্ত-খানাখন্দে বেহাল ভূঁইয়া মার্কেট সড়ক, দুর্ভোগে এলাকাবাসী
প্রকাশঃ
মিজানুর রহনান মাসুদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ ভূঁইয়া মার্কেটের সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কাদার সৃষ্টি হয়। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের।
বিশেষ করে মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লি এবং স্কুলগামী শিক্ষার্থীদের ভোগান্তি সবচেয়ে বেশি। কাদাপানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে অনেকেই কাপড়-জুতা নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কায় পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাজারের ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর সংস্কার উদ্যোগ দেখা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি পরিদর্শন করে সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করা হবে।
