{getBlock} $results={3} $label={recent} $type={headermagazine}

হবিগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পলাতক স্বামী

প্রকাশঃ
অ+ অ-

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে তাহমিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই নিহতের স্বামী তাহির মিয়া ও তার পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুল্লা ইউনিয়নের রামেশ্বর গ্রামের ওসমান মিয়ার মেয়ে তাহমিনা আক্তারের সঙ্গে প্রায় সাত বছর আগে বাঘাসুরা গ্রামের আইয়ুব আলীর ছেলে তাহির মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি অর্থনৈতিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।

নিহতের বাবা ওসমান মিয়ার অভিযোগ, বিদেশে যাওয়ার জন্য তাহির মিয়া তার মেয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে টাকা দাবি করছিলেন। টাকা দিতে না পারায় তাহমিনাকে নিয়মিত নির্যাতন করা হতো। তিনি দাবি করেন, স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা মিলে তাহমিনাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

নিহতের ভাই আলমগীর মিয়া জানান, বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়ি থেকে ফোন করে তাহমিনা অসুস্থ বলে জানানো হয়। খবর পেয়ে তারা সেখানে গিয়ে বিছানায় তাহমিনার মরদেহ দেখতে পান। সে সময় বাড়িতে স্বামী, শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যদের কাউকে পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। আবার কেউ আত্মহত্যার কথাও বলছেন। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ads

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন