প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ " প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
প্রকাশঃ
সম্প্রতি দৈনিক 'আয়না' পত্রিকায় “জলসুখা দারিদ্র বিমোচন মহিলা সংগঠনের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। 'জলসুখা দারিদ্র বিমোচন মহিলা সংগঠনের' পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে, প্রকাশিত উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং একটি কুচক্রী মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার মাত্র। প্রকৃত ঘটনাকে আড়াল করে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে এই সংবাদ পরিবেশন করা হয়েছে।
সংবাদের সত্যতা যাচাই এবং প্রকৃত পরিস্থিতি তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রকৃত ঘটনা নিচে প্রকাশ করা হলো:
১. সদস্য ও আর্থিক পরিসংখ্যান: আমাদের সংগঠনে বর্তমানে ১১টি দলের মাধ্যমে মোট ১৩৪ জন ঋণী ও সঞ্চয়ী এবং বকেয়া সদস্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। মূলত দুই কোটি টাকা আত্মসাতের কোনো ঘটনাই এখানে ঘটেনি। এটি সম্পূর্ণ কাল্পনিক একটি অংক।
২. সাবেক কর্মী কর্তৃক অর্থ আত্মসাৎ: প্রকৃত ঘটনা হলো—আমাদের অফিসের ২ জন সাবেক কর্মী (রুমা আক্তার ও রাহেলা আক্তার) জালিয়াতির আশ্রয় নিয়ে বড় অংকের অর্থ আত্মসাৎ করেছেন। এর মধ্যে রুমা আক্তার ১৭ লক্ষ টাকা এবং রাহেলা আক্তার ৪৩,৯০,২৭৮ টাকা—মোট ১৬৪ জন সদস্যের নামে ভুয়া লোন দেখিয়ে তা আত্মসাৎ করেন।
৩. বিচার ও সালিশের সিদ্ধান্ত: অভিযুক্তদের এই অনিয়ম ও দুর্নীতির বিষয়ে পূর্বে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রাম্য সালিশ ও বিচার অনুষ্ঠিত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী—রাহেলা আক্তার ১০ লক্ষ টাকা এবং রুমা আক্তার ২ লক্ষ ৪০ হাজার টাকা পরিশোধ করবেন বলে নির্ধারিত হয়। সালিশে রাহেলা আক্তার ২ শতক জমির আনরেজিস্ট্রি বায়নাপত্র ও একটি চেক এবং রুমার মা ফাতেমা বিবি ১ শতক জমির বায়নাপত্র জামিনস্বরূপ প্রদান করেন এবং শর্ত সাপেক্ষে পূর্বের মামলা তুলে নেওয়া হয়।
৪. পরিকল্পিত হামলা, ষড়যন্ত্র ও বকেয়া সদস্যদের সম্পৃক্ততা: অত্যন্ত দুঃখের বিষয় যে, সমঝোতার মাধ্যমে মামলা তুলে নেওয়ার পরদিনই অভিযুক্ত রাহেলা ও রুমার আত্মীয়স্বজনরা মিলে বর্তমান কমিটি ও অফিসের ওপর আক্রমণ চালান এবং নানা ধরনের ষড়যন্ত্র ও হয়রানি শুরু করেন। তারা বিচারের রায় অমান্য করে অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানান। এছাড়াও এই ষড়যন্ত্রে যারা যুক্ত রয়েছেন, তাদের অনেকেই উক্ত প্রতিষ্ঠানের বকেয়া সদস্য। প্রকাশিত মিথ্যা সংবাদটি তাদের সেই ধারাবাহিক ষড়যন্ত্র ও অসদুপায় অবলম্বনেরই একটি অংশ।
৫. স্বচ্ছতা রক্ষায় আমাদের পদক্ষেপ: সংগঠনের কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে আমাদের বর্তমান সদস্যদের পাসবইগুলো নিয়মিত অফিসে যাচাই করা হয় এবং প্রতি ৩ মাস পর পর বইয়ের ব্যাল্যান্স ও হিসাব নিখুঁতভাবে চেক করা হয়।
আমরা জলসুখা দারিদ্র বিমোচন মহিলা সংগঠনের পক্ষ থেকে এই মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সংশ্লিষ্ট মিডিয়া এবং এলাকার সকলকে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যটি জানার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
নিবেদক,
রাজিয়া সুলতানা
সভাপতি, জলসুখা দারিদ্র বিমোচন মহিলা সংগঠন।

Post a Comment