মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা; জব্দ ২০০ কেজি মাছ!
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার কাটিয়ারা এলাকার মনি মুক্তা মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আড়তের মালিক প্রমোদ দাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কয়েকজন সাংবাদিক পাইকারি মাছের আড়তে মাছ কিনতে গেলে সেখানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হতে দেখেন। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হয়। খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকমল ভট্টাচার্য ঘটনাস্থলে উপস্থিত হন।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আড়ত মালিককে ১০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
অভিযানে মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট শরিফ উদ্দিন উপস্থিত ছিলেন। পরে জব্দ করা মাছ উপজেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
নিষিদ্ধ পিরানহা মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Post a Comment