লাখাইয়ে সেতুর এক লেন দখল করে ধান শুকানো, দুর্ঘটনার শঙ্কা
সরেজমিনে দেখা যায়, ব্যস্ত এই আঞ্চলিক মহাসড়কের করাব বেকিটেকা সেতুর এক লেন দখল করে কলাগাছ ও নেট দিয়ে অস্থায়ী প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সেখানে ধান শুকানো হচ্ছে। ফলে দুই লেনের সেতুতে যানবাহনের চলাচলের জন্য মাত্র একটি লেন খোলা রয়েছে। এতে উভয় দিক থেকে আসা যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ব্যাহত হচ্ছে যানবাহনের স্বাভাবিক গতি।
স্থানীয় ভুক্তভোগী ও যানবাহন চালকরা জানান, ব্যস্ত সড়কের একটি লেন বন্ধ থাকায় দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। বারবার নিষেধ করা সত্ত্বেও সংশ্লিষ্টরা বিষয়টি আমলে নিচ্ছেন না। এ ছাড়া ধান মাড়াইয়ের অবশিষ্টাংশ ও খড়কুটো বাতাসে উড়ে পথচারী ও মোটরসাইকেল চালকদের চোখে-মুখে পড়ছে। এতে চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানি এড়াতে অবিলম্বে সেতুটি দখলমুক্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী।

Post a Comment