ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
Focus News 24

নবীগঞ্জের মাধবপুর-গালিমপুর মাদ্রাসায় অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ ও অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাধবপুর ও গালিমপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুনূর রহমান লেখনের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, এমপিওভুক্তিতে অনিয়ম ও প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন মাদ্রাসাটির স্থানীয় অভিভাবকরা।

লিখিত অভিযোগে বলা হয়েছে, অধ্যক্ষ হুমায়ুনূর রহমান ২০২১ সালে মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে যোগদান করলেও কমিটির দুর্নীতি, নিয়োগে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাকে ২০১৫ সাল থেকে নিয়োগপ্রাপ্ত হিসেবে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। পরবর্তীতে তিনি ২০২২ সালে এমপিওভুক্ত হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার নিয়োগ, নিবন্ধন ও অভিজ্ঞতার কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইয়ের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

অভিযোগে আরও বলা হয়, মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার পর শিক্ষক-কর্মচারী নিয়োগ ও এমপিওভুক্তকরণ, সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা গ্রহণ, ‘ওয়ান চাইল্ড ওয়ান টি’ প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা, ২০২২ সাল থেকে শিক্ষক-কর্মচারীদের মধ্যে টিউশন ফি বণ্টন না করা এবং শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ফি আদায়সহ প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম করা হয়েছে।

অভিভাবকদের দাবি, এসব অভিযোগের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরেজমিনে মাদ্রাসায় গিয়ে তদন্ত করেন এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে অভিযোগকারীরা জানান। তবে তাদের দাবি, তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এ কারণে তারা উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ করা হয়েছে। বিশেষ করে ইবতেদায়ি প্রধান আবুল কালাম আজাদ ও ইবতেদায়ি কারি আমিনুল ইসলামকে ‘ব্যাকডেটে’ নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, ইবতেদায়ি প্রধান আবুল কালাম আজাদ ২০০৮ সালে নিয়োগপ্রাপ্ত হলেও ২০২২ সালের জুন পর্যন্ত ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের আহমদিয়া মোল্লাপাড়া দাখিল মাদ্রাসায় অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন এবং সরকারি বেতনের এমপিও অংশ গ্রহণ করেছেন। বিষয়টি যাচাই করে দেখার দাবি জানিয়েছেন তারা।

এছাড়া প্রবাসী ও স্থানীয়দের অনুদানে প্রতিষ্ঠিত মাদ্রাসার আর্থিক হিসাব নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, তজমুল আলীকে ভুয়া দাতা সদস্য দেখিয়ে এবং কৌশলের মাধ্যমে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা প্রতিনিধি নির্বাচিত করে গভর্নিং বডির নির্বাচন বিতর্কিত করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তজমুল আলী মাদ্রাসার জন্য ৩ লাখ টাকা দিলেও ওই অর্থ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন।

এছাড়াও গভর্নিং বডির অন্যান্য সদস্য নির্বাচনের ক্ষেত্রে অনিয়ম, পছন্দের ব্যক্তিদের নিয়ে প্যানেল কমিটি গঠন এবং প্রকৃত অভিভাবকদের বাদ দেওয়ার অভিযোগও করেছেন আবেদনকারীরা।

অভিযোগে আরও বলা হয়, মাদ্রাসার এমপিওভুক্তির নামে প্রবাসীদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা চাঁদা সংগ্রহ করে তা ভাগাভাগি বা আত্মসাৎ করা হয়েছে কি না, সেটিও তদন্ত করা প্রয়োজন। একইভাবে আলিম পরীক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত অর্থের একটি অংশ মাদ্রাসার ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

অধ্যক্ষ হুমায়ুনূর রহমান নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর দেখিয়ে বেতন-ভাতা গ্রহণ করেছেন—লিখিত অভিযোগে এমন দাবিও করা হয়েছে। অভিযোগকারীদের মতে, এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী।

এ অবস্থায় মাদ্রাসার নিয়োগসংক্রান্ত নথিপত্র, এমপিওভুক্তির কাগজপত্র, আর্থিক হিসাব, ব্যাংক হিসাব, হাজিরা খাতা এবং সংশ্লিষ্ট অন্যান্য নথি যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা উদঘাটন এবং প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মাধবপুর ও গালিমপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার অভিভাবকরা।

তবে এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ হুমায়ুনূর রহমানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

একটি মন্তব্য করুন