আজমিরীগঞ্জে তিন স্পটে নিত্যদিনের যানজট, ট্রাফিক ব্যবস্থা জোরদারের দাবি
স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে ওষুধ ঘরের সামনে, টানবাজার-পাহাড়পুর সড়কের মোড় ও সিনেমা রোডের মিডিলেভেলের সামনে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। এসব স্থানে একসঙ্গে বড় ট্রাক, পিকআপ, সিএনজি ও অন্যান্য যানবাহন প্রবেশ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
সম্প্রতি একই সময়ে দুটি বড় ডিস্ট্রিক্ট ট্রাক সড়কে প্রবেশ করায় যান চলাচলে তীব্র বিঘ্ন ঘটে। এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ে এবং দীর্ঘ সময় ধরে সড়কে যানজট লেগে থাকে।
স্থানীয়রা বলছেন, গুরুত্বপূর্ণ এসব তিনটি স্পটে নিয়মিত যানজট হলেও তা নিয়ন্ত্রণে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা নেই। ফলে প্রতিদিনই একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে।
এ অবস্থায় আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় সচেতন মহল। যানজট নিরসনে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ স্পটে ট্রাফিক ব্যবস্থা জোরদার, প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক সদস্য মোতায়েন এবং বড় যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে আজমিরীগঞ্জ সদরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।

Post a Comment