প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
১৪ মাস ধরে তালাবদ্ধ ১০ কোটি টাকার পানি প্রকল্প, দুর্ভোগে শায়েস্তাগঞ্জবাসী
প্রকাশঃ
মোহাম্মদ ইনজামামুল হক (নাঈম), শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার ও উচ্চ জলাধার প্রকল্পটি উদ্বোধনের এক মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে। এরপর পেরিয়ে গেছে প্রায় ১৪ মাস। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ পড়ে থাকায় প্রকল্পের মূল্যবান যন্ত্রপাতিতে ধুলা-ময়লা জমেছে, কোথাও কোথাও ধরেছে মরিচা। এতে সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই স্থাপনা ও যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুষ্ক মৌসুমে পৌর এলাকার বিভিন্ন স্থানে পানির সংকট তীব্র হয়। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক নলকূপেও পর্যাপ্ত পানি পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি প্রকল্পটি দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষোভ ও হতাশা বাড়ছে পৌরবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর শহরের সুদিয়াখলা এলাকায় পুরোনো গরুর বাজারের পাশে নির্মাণ করা হয় পানি শোধনাগার ও উচ্চ জলাধার প্রকল্পটি। প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, প্রধান গেটসহ পানি শোধনাগারের ভবনে ঝুলছে তালা। ভবনের চারপাশে অযত্নে ঘাস-আগাছা বেড়ে উঠেছে এবং গবাদিপশু চলাচল করছে।
ভবনের ভেতরে থাকা পানি শোধনাগারের বিভিন্ন যন্ত্রপাতিও দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ধুলায় ঢেকে থাকা এসব যন্ত্রপাতির কোনো কোনো অংশে মরিচার চিহ্নও দেখা গেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় এগুলোর কার্যকারিতা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৪০০ ঘনমিটার ধারণক্ষমতার ওভারহেড পানির ট্যাংক ও পানি শোধনাগার নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এবিএম ওয়াটার কোম্পানি লিমিটেড’। নির্মাণকাজ শেষে ২০২৫ সালের ৩ মার্চ শায়েস্তাগঞ্জ পৌর কর্তৃপক্ষের কাছে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে একই বছরের ২৮ এপ্রিল প্রকল্পটির উদ্বোধন করা হয়।
তবে উদ্বোধনের এক মাসের মধ্যেই পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকে নিয়মিতভাবে আর প্রকল্পটি চালু করা হয়নি। বর্তমানে প্রায় ১৪ মাস ধরে এটি কার্যত অচল অবস্থায় রয়েছে।
প্রকল্পটি বন্ধ থাকার কারণ নিয়েও সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের বক্তব্যে ভিন্নতা রয়েছে। পৌর কর্তৃপক্ষের দাবি, পানি শোধনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সরবরাহ, জনবল ও নিয়মিত রক্ষণাবেক্ষণের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় প্রকল্পটি চালু রাখা সম্ভব হয়নি।
অন্যদিকে শায়েস্তাগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী কর্মকর্তা আবু সাঈদ বলেন, নির্ধারিত কাজ শেষে নিয়ম অনুযায়ী প্রকল্পটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন পৌরসভার।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকা প্রকল্পটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন—উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যে কেন প্রকল্পটি বন্ধ হয়ে গেল, নির্মাণের আগে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের যথাযথ পরিকল্পনা ছিল কি না এবং দীর্ঘদিন অচল থাকার কারণে কোনো যন্ত্রপাতি নষ্ট হলে এর দায়ভার কে নেবে?
শায়েস্তাগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, “আমি নতুন করে দায়িত্ব গ্রহণ করেছি। দীর্ঘদিন বন্ধ থাকা প্রকল্পটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব এটি পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
পৌরবাসীর দাবি, দ্রুত পানি শোধনাগারটি চালু করে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পটি বন্ধ হওয়ার কারণও খতিয়ে দেখা হোক। একই সঙ্গে দীর্ঘদিন অচল থাকার কারণে সরকারি অর্থে কেনা মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার দায়ও নির্ধারণ করা প্রয়োজন।
স্থানীয়দের মতে, জনগণের অর্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ জনসেবা প্রকল্প দীর্ঘদিন অচল পড়ে থাকা শুধু ব্যবস্থাপনার দুর্বলতার বিষয় নয়; এটি সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও জনস্বার্থ নিশ্চিত করার বিষয়েও বড় প্রশ্ন তৈরি করেছে

Post a Comment